কুড়িগ্রামে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে শ্রীরামকৃষ্ণ আশ্রম, কুড়িগ্রামের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম শহরের আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা। এ সময় তিনি বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ আশ্রম কুড়িগ্রামের সভাপতি ডা. অমিত কুমার বসু এবং সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী। এছাড়াও আশ্রমের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে প্রতিবছরের মতো এবারও এই কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।