ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বিতার উত্তাপ এবার ছড়িয়ে পড়ল কুড়িগ্রামের মাঠেও। তবে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি ভালোবাসা। দুই দলের সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী শতাধিক দর্শক। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি মাঠকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার (বকুলতলা) মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় প্রথমার্ধের শুরুতেই আর্জেন্টিনা সমর্থকদের লেফট উইঙ্গার সাদিক হাসানের দুর্দান্ত শটে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ব্রাজিল সমর্থকরা একাধিক আক্রমণ চালালেও প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ১-০ গোলের লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল সমর্থকরা। একের পর এক আক্রমণ করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। ফলে নির্ধারিত সময়েও স্কোরলাইন থাকে ১-০।

অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে কর্নার কিক পায় ব্রাজিল সমর্থকরা। কর্নার থেকে আসা বলে আর্জেন্টিনা সমর্থক আল আমিনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ব্রাজিলের হয়ে পেনাল্টি নিতে আসেন মিসবাহ মুসা। তবে তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনা সমর্থক দলের গোলরক্ষক আরিফ। তার অসাধারণ সেই সেভেই নিশ্চিত হয় আর্জেন্টিনা সমর্থকদের ১-০ গোলের জয়।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড় এবং সমর্থকরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকরা জানান, প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।