ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সন্তোষ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আব্দুস সালাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং একটি মাদ্রাসার সাবেক সুপার। তিনি এ মামলার প্রধান আসামি বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারের সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন।

সতর্কবার্তা: বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও ওয়েবসাইট ব্যবহার করে কেউ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা অন্য কোনোভাবে প্রতারণার চেষ্টা করলে সে বিষয়ে সতর্ক থাকুন। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি রক্ষায় সবার সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরিচয় ব্যবহার করে প্রতারণা, অপপ্রচার কিংবা বিশ্ববিদ্যালয় ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *