বৃত্তিপ্রাপ্ত ১২৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী–কচাকাটা) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Share With