অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন, রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫২ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে এবং ধারা ৩৮ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যথাযথভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Share With