ভূরুঙ্গামারীতে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে বিএনপি নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চরভূরুঙ্গামারী হাই স্কুল মোড়ে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার সাধারণ মানুষ। প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ঝাড়– হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী কিছু ব্যক্তি বিএনপি নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। তারা বলেন, মাদকসেবী ও মামলাবাজ লুৎফর, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক এবং কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ ও ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম লিটন বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, যুবদল সভাপতি মাইদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহম্মেদ, ছাত্রদল সভাপতি তারিফুল ইসলাম সেলিম ও সম্পাদক হাবিবুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপি নেতাদের নামে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট এই অপপ্রচারকে জনগণের কাছে উন্মোচন করার অঙ্গীকার করেন।

Share With