৩ যুবকের মানবেতর জীবন রৌমারী সীমান্তের শূন্যরেখায় টানা ১৭ দিন

পরিচয় ও নাগরিকত্ব নিয়ে জটিলতার কারণে টানা ১৭ দিন ধরে রৌমারী সীমান্তের শূন্যরেখায় আটকে রয়েছেন তিন যুবক। তারা কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত না হওয়ায় নিজ নিজ গন্তব্যে ফিরতে পারছেন না। ফলে খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন কাটছে তাদের।

গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেয়।

পরে পরিচয় যাচাই শেষে দুই শিশুসহ ছয়জন নিজ নিজ পরিবারের কাছে ফিরে গেলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি তিন যুবক এখনো ইজলামারী সীমান্তের শূন্যরেখায় আটকে রয়েছেন।

দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান করায় তাদের স্বাস্থ্যঝুঁকি ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

অন্যদিকে, বিএসএফের সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি জোরদার করেছে বিজিবি। সীমান্তজুড়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Share With