হরিপুর-চিলমারী তিস্তা সেতুর উদ্বোধনের নতুন তারিখ ২০ আগস্ট

দীর্ঘ প্রতীক্ষা ও একাধিক তারিখ পরিবর্তনের পর অবশেষে গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতুর উদ্বোধনের নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২০ আগস্ট। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামীম বেপারীর স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সেতুটি উদ্বোধনের তারিখ প্রথমে ২ আগস্ট এবং পরে পরিবর্তন করে ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। তবে নানা সমন্বয় ও প্রস্তুতিমূলক কাজের প্রেক্ষিতে আবারও সময় এগিয়ে এনে ২০ আগস্ট চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও এলজিইডি প্রস্তুতি সম্পন্ন করছে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। ২০ আগস্ট তিস্তা সেতুর উদ্বোধন অনুষ্ঠিত হবে—এটাই এখন চূড়ান্ত সিদ্ধান্ত।”

তিস্তা সেতু চালু হলে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ আরও সহজ হবে, যা স্থানীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Share With