উত্তরবঙ্গের উন্নয়ন দাবিতে দুই দফা দাবি ও আল্টিমেটাম, কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদেরউত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন-বৈষম্যের প্রতিবাদে এবার সরব হয়েছে শিক্ষার্থীরা। আজ সোমবার (২৮ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুই দফা দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে একটি স্বতন্ত্র আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উত্তরবঙ্গ বছরের পর বছর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে আছে। এই বৈষম্য নিরসনে দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ জরুরি।
একইসাথে উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন ও কাঠামোগত উন্নয়ন সময়ের দাবি।আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সুস্পষ্ট ঘোষণা না এলে উত্তরবঙ্গের সড়ক, রেল ও প্রশাসনিক কার্যক্রমে ‘ব্লকেড’ ও অসহযোগ আন্দোলন ডাকা হবে। পাশাপাশি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির পক্ষে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হবে।
দাবি আদায়ের অংশ হিসেবে আগামীকাল (২৯ জুলাই) রংপুরের আবু সাঈদ চত্বরে শিক্ষার্থী ও সাধারণ জনতার অংশগ্রহণে এক গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখান থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হবে, যেখানে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
এ ছাড়াও একইদিনে ‘মার্চ টু জেলা প্রশাসক’ এবং ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচিও পালিত হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এ কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং এটি উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকারের দাবি আদায়ের আন্দোলন। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা জানান।