নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা, কুড়িগ্রামের রেশমার ১ মাসের কারাদণ্ড

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টার অভিযোগে রেশমা আক্তার (২৫) নামে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রেশমার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা চলাকালে ৪৩ নম্বর কেন্দ্র বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে মুঠোফোনসহ রেশমাকে আটক করা হয়। তিনি গোপনে মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তাঁকে হাতেনাতে আটক করেন।

পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে রেশমাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share With