সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুড়িগ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজারসংলগ্ন ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি মিটিংয়ে যোগ দিতে রাজারহাট থেকে মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম। পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজারসংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *