কুড়িগ্রাম-গাইবান্ধাবাসীর বহুল কাঙ্ক্ষিত তিস্তা সেতুর উদ্বোধন ঘিরে সকাল থেকেই দুই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে সেতু এলাকায়। কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সেতুর পাশে ভিড় জমাচ্ছেন। শ্রমজীবী অনেকে আজ আর কাজে যাননি; বরং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন উদ্বোধনী স্থলে।
স্থানীয়দের মতে, তিস্তা সেতুর উদ্বোধন শুধু একটি অবকাঠামো নয়, বরং এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা। উদ্বোধনের আগ মুহূর্তে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও অংশগ্রহণে এলাকা এখন এক উৎসবমুখর রূপ ধারণ করেছে।