কুড়িগ্রামে নির্বাচনের আগে মন্দিরে চুরি ও ভাঙচুর, ষড়যন্ত্রের আশঙ্কা স্থানীয়দের

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরে গত দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটকের তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট করার পাশাপাশি মন্দিরের বিভিন্ন অংশ ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকার সনাতনী সম্প্রদায়ের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে।
​
​স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চোরের দল মন্দিরের প্রধান প্রবেশপথের (কেসি গেট) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মন্দিরের ভেতরে থাকা প্রায় ১২ কেজি ওজনের একটি বিশালাকৃতির কাসার ঘণ্টা চুরি করে নিয়ে যায়। ​লুটপাটের পাশাপাশি দুর্বৃত্তরা মন্দিরের পবিত্রতা নষ্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা মন্দিরের ভেতরে থাকা ত্রিশূল উপড়ে ফেলে এবং মেঝের টাইলস ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

এ বিষয়ে স্থানীয় বেনু বালা রায় বলেন, “যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপর ভগবানের অভিশাপ বর্ষিত হবে”।
স্থানীয় যুবক আশীশ কুমার রায় বলেন, “ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করা হয়েছে, এতে সাধারণ সনাতনী সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে”।
সরকার রুপায়ন তন্ময় বলেন, “আমি আজকে ঘটনাটি শোনার পর এখানে এসে যা দেখলাম এটি উস্কানিমূলক ষড়যন্ত্র হতে পারে। সামনে নির্বাচন তাই কিছু দুষ্টু লোক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এরকম ঘটনা ঘটাতে পারে। আমি ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে প্রসাশনকে জোড় দাবি জানাচ্ছি”।

উক্ত ঘটনায় ​মন্দির পরিচালনা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয় নি।

​খবর পেয়ে আজ দুপুরে রাজারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

Share With