কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবাইদুল হক (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল হক ওই গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে ওবাইদুল বাড়ির পাশের একটি জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।