কুড়িগ্রামে বৃষ্টিতে ভিজে জমিতে পড়ে আছে কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে আমন ধান কাটার মৌসুমে বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। পাকা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন তারা। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে জমিতে পড়ে থাকা সেই ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ডুবে আছে কাটা ধান। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া এবং ফসল ঘরে তোলার আগেই লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলাজুড়ে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। এমন সময়ে বৃষ্টির কারণে মাঠে থাকা কাটা ধান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে।

রোববার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান কাটার পর অনেক কৃষক জমিতেই ধান স্তূপ করে রেখেছেন। কেউ ধান শুকানোর জন্য ছড়িয়ে দিয়েছেন, কেউ আবার মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই বৃষ্টিতে ভিজে গেছে কাটা ধান। জমিতে পানি জমে থাকায় কোথাও কোথাও ধানের আঁটি পানির নিচে পড়ে আছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে তা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

নাগেশ্বরী উপজেলার কৃষক কাশেম আলী বলেন, অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। পাকা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে। এভাবে জমিতে পড়ে থাকলে ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টির মধ্যেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছি।

একই এলাকার আরেক কৃষক রহিম বলেন, আমার দুই বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছিলাম। কিন্তু দুদিনের বৃষ্টিতে সব ধান পানিতে ডুবে গেছে। এখন কী করব, তা ভেবে পাচ্ছি না। ধান বাড়িতে নিতে হবে, আবার ভেজা ধান শুকানোরও ব্যবস্থা নেই। ধান নষ্ট হলে সারা বছরের কষ্ট বৃথা যাবে।

এদিকে ফসল রক্ষায় কাটা ধান দ্রুত বাড়িতে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন। তিনি বলেন, কৃষকদের যত দ্রুত সম্ভব কাটা ধান বাড়িতে নিয়ে আসতে হবে। জমিতে ফেলে রাখলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে নেওয়ার পর ধান মাড়াইয়ের উপযোগী হলে মাড়াই করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

এ অবস্থায় কৃষি বিভাগও কাটা ধান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, জমিতে কাটা ধান ফেলে না রেখে যত দ্রুত সম্ভব বাড়িতে নিতে হবে। ধান মাড়াইয়ের উপযোগী হলে মাড়াই করে ফ্যানের বাতাসে শুকাতে হবে।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত দুদিন ধরে কুড়িগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *