চিলমারী-রৌমারী-ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি

কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজীবপুরবাসীর দীর্ঘদিনের দাবি— ব্রহ্মপুত্র নদে একটি সেতু নির্মাণ। সেই দাবিকে সামনে রেখে আসছে ২৪ অক্টোবর সকাল ১০টায় চিলমারী নদী বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি।

‘এক দাবি, এক দাবি—ব্রহ্মপুত্রে সেতু চাই’ এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করেছে ‘ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ’। আয়োজকদের মতে, সেতুটি নির্মিত হলে চিলমারী, রৌমারী ও রাজীবপুরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে, যা উত্তরাঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে।

স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সাধারণ মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তারা আশা করছেন, এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং বহুপ্রতীক্ষিত ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।

Share With