গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি ক্রমেই বাড়ছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদীতীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ডুবে গেছে রোপা আমন, আমন বীজতলা, পাট ও অন্যান্য মৌসুমি ফসল, পাশাপাশি নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও গ্রামীণ কাঁচা সড়ক। সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর গ্রামের কৃষক সামছুল জানান, গত দুই দিনে পানির বৃদ্ধি রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে এবং অনেক আমন জমি তলিয়ে গেছে। পানি আরও বাড়তে থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচে রয়েছে।
অপরদিকে, ব্রহ্মপুত্র নদীর চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্ট এবং ধরলা নদীর সেতু পয়েন্টে পানি বাড়লেও তা বিপদসীমার নিচে রয়েছে।নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ জানান, দুধকুমারের পানি লোকালয়ে প্রবেশ করছে, তবে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।