কুড়িগ্রামে ‘কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা রেজাউল করিম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিক্ষার্থীদের হাতে ভালো ও মানসম্মত বই তুলে দেওয়া এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠচর্চা শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।