সাজেকসহ সমগ্র পার্বত্য অঞ্চল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, পাহাড়ের শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জানমাল রক্ষা করা এবং সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা থেকে মুক্ত রাখা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। এ দায়িত্ব পালনে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারত্ব, সতর্কতা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার, পারস্পরিক আস্থা ও রাষ্ট্রের কার্যকর উপস্থিতির মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
পোস্টের শেষাংশে বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট রাখা, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।