আগামীকাল কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির সম্মেলন, থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

তারুণ্যের শক্তিকে সুসংগঠিত করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় যুবশক্তির ‘যুব সম্মেলন ২০২৬’। 

শুক্রবার (২০ নভেম্বর) কুড়িগ্রাম শহরের আকবরিয়া কনভেনশন হলে দিনব্যাপী এ সম্মেলনে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (এমপি) ড. আতিকুর রহমান মুজাহিদসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলন উপলক্ষে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে বিকেল ৩টায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেল সাড়ে ৩টায় আকবরিয়া কনভেনশন হলে শুরু হবে মূল সম্মেলন।

জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তমাল।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী ও এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া।

সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় প্রোগ্রাম সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন সংগঠনটির দপ্তর সম্পাদক তারেক খান মজলিশ তারা ও সিনিয়র সাধারণ সম্পাদক তাওহীদ হাসান শান্ত।

আয়োজক নেতারা জানান, যুব সমাজকে দেশ গঠনমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা, তরুণদের সংগঠিত করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা আরও জোরালো করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সম্মেলনটি সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন তারা।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *