মানববন্ধনসহ বি‌ভিন্ন দপ্তরে ঘু‌রেও কাজ হয়‌নি, ভিটেমাটি বাঁচাতে বাঁধ নির্মাণে গ্রামবাসী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নদীভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় নিজেদের উদ্যোগে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন গ্রামবাসী। সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও মানববন্ধন করেও কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় স্বেচ্ছাশ্রম ও স্থানীয়দের আর্থিক সহায়তায় এ কাজ শুরু করেছেন তারা। প্রায় এক হাজার ৩০০ মিটার দীর্ঘ বাঁধ নির্মাণে প্রয়োজন হবে ছয় লাখ টাকা ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সং‌শ্লিষ্টরা।

 বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বড়ভিটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম চর মেকলি গ্রামে দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাঁধ নির্মাণকাজ শুরু হয়। 

 বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ভিটা ইউনিয়নের পশ্চিম চর মেকলি থেকে চর পশ্চিম থানিরাম এলাকার ধরলা নদী তীরবর্তী অংশে বাঁধটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ওই এলাকার ইউনুস আলীর বাড়ি থেকে হুজুর আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ মিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হবে। বাঁধের ওপরের অংশের প্রস্থ হবে ৫০ ফুট। দুই পাশের ঢালসহ এর বিস্তৃতি হবে ১০০ ফুট। ইতিমধ্যে স্থানীয়দের সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজ শুরু হয়েছে। এতে কয়েক শত গ্রামবাসী যুক্ত হয়েছেন। তবে পুরো কাজ শেষ করতে প্রায় ছয় লাখ টাকা প্রয়োজন।

বাঁধ নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মফিজল হক। এতে উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস হোসেন, নারী সদস্য নাজমা বেগম, মশিউর রহমান, ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

ওই এলাকার ফারুক হো‌সেন, আহাদ আলীসহ ক‌য়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনে এলাকার বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। ইতিমধ্যে অনেক পরিবার ভিটেমাটি হারিয়েছে। নতুন করে কয়েক শত বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে চর পশ্চিম থানিরাম এলাকার বাসিন্দারা বেশি উদ্বেগের মধ্যে রয়েছেন। ভাঙন অব্যাহত থাকলে আরও অনেক পরিবারকে বসতভিটা হারানোর আশঙ্কা করা হচ্ছে ।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস হোসেন বলেন, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন স্থানে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ায় শেষ পর্যন্ত নিজেদের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থের ব‌্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষ‌য়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, নদীভাঙন থেকে এলাকার মানুষকে রক্ষা করতে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। বাঁধটি নির্মিত হলে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় সহায়ক হবে। তবে এত বড় কাজ নিজেদের অর্থায়নে শেষ করা এলাকাবাসীর পক্ষে কঠিন। এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা প্রয়োজন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *