কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ মুদি ব্যবসায়ীর

কুড়িগ্রামের উলিপুরে দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধ মুদি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে, যা তিনি ও তাঁর ছেলে যৌথভাবে পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজ দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই চালক কৌশলে পালিয়ে গেলেও স্থানীয় জনতা ঘাতক অটোরিকশাটি আটক করেন।

নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার জানান, অটোরিকশাচালক তাঁদের এলাকারই পরিচিত ব্যক্তি এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো আইনি অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে আটক অটোরিকশাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *