কুড়িগ্রাম প্রতিনিধি: দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত তিন সপ্তাহব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন গ্রহণ করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ টিকা প্রদান করা হবে।
এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরাত-এ-খোদা, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম, ডেপুটি ডিরেক্টর (পরিবার পরিকল্পনা) মোঃ মোজাম্মেল হক এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল-আমিন মাসুদ।
কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, জরুরি এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সমন্বিত ও সক্রিয় প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি পূর্ববর্তী টিকাদান কার্যক্রমের অভিজ্ঞতা থেকে বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও পিছিয়ে পড়া এলাকায় বিশেষ নজর দিয়ে টিকাদানের আওতা বাড়ানোর দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এই জরুরি টিকাদান কার্যক্রম সফল করতে সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।