ফুলবাড়ীতে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীর “এআই স্মার্ট কার”, তাক লাগাল দর্শনার্থীদের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে উদ্ভাবনী চিন্তার এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রোয়ানুর রহমান রেজিম। ইউটিউব দেখে নিজ উদ্যোগে তিনি তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার”, যা ইতোমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।

জানা যায়, স্মার্ট কারটির বিশেষত্ব হলো—এটি চালক ছাড়াই চলতে পারে। সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এছাড়া সড়কের ট্রাফিক সিগন্যাল শনাক্ত করার সক্ষমতাও রয়েছে এতে। লাল সিগন্যাল দেখলে গাড়িটি থেমে যায় এবং সবুজ সিগন্যাল পেলে আবার চলতে শুরু করে।

উদ্ভাবক রোয়ানুর রহমান রেজিম জানান, ইউটিউব দেখে এবং আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।

বিজ্ঞান মেলায় আসা এক দর্শনার্থী বলেন, “এ ধরনের কাজ আগে কখনো দেখিনি। নিজ চোখে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।”

ফুলবাড়ী ডিগ্রি কলেজের পদার্থ বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আজাদ বলেন, “আমাদের কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী এ প্রকল্পটি তৈরি করেছে। শুরুতে সে আমাকে বিষয়টি জানায়, পরে আমি তাকে উৎসাহ দিই। এমন উদ্যোগ বাস্তবায়নে ব্যয় বেশি হওয়ায় সরকারিভাবে কারিগরি ও আর্থিক সহায়তা পেলে সে আরও বড় কিছু করতে পারবে, যা দেশের জন্য কল্যাণকর হবে।”

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্ভাবন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতের উদ্ভাবকদের পথ দেখাবে।

Share With